মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে কোদাল দিয়ে ৩ জনকে হত্যা, ঘাতক আকাশ আটক

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ফরিদপুরে চাঞ্চল্যকর ট্রিপল হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আকাশকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর প্রায় পৌনে ছয়টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের লিয়াকত মোল্লার কলা বাগান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে রক্তমাখা একটি কোদাল উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ড ঘটিয়ে সোমবার রাতেই সে পালিয়ে গিয়েছিল।

দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিভিন্ন কারণে সৃষ্ট হতাশা থেকেই আকাশ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদিও পরিবার ও স্থানীয়রা তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন, তবে গ্রেফতারের পর তার আচরণে এমন কোনো লক্ষণ স্পষ্টভাবে পাওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার।

প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে নয়টার দিকে একই গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ তার দাদি আমেনা বেগম ও ফুফু রাহেলা বেগমের ওপর কোদাল নিয়ে হামলা চালায়। এ সময় প্রতিবেশী কাবুল আহমেদ তাদের রক্ষা করতে এগিয়ে এলে তাকেও আঘাত করে।

পরে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে তিনজনকেই হত্যা করে আকাশ।

ঘটনার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত কাবুল আহমেদের স্ত্রী কোহিনূর বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন