মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে ইউনুস আলী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম
বেনাপোল পোর্ট থানাধীন বহুল আলোচিত ইউনুস আলী হত্যা মামলার আসামিরা
expand
বেনাপোল পোর্ট থানাধীন বহুল আলোচিত ইউনুস আলী হত্যা মামলার আসামিরা

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বহুল আলোচিত ইউনুস আলী হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পিবিআই, যশোর। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তরিকুল ইসলাম (৪০) ও সবুজ হোসেন (২১) নামে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দরের একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ইউনুস আলী (৪৭) গত ২২ এপ্রিল বিকেলে গাতিপাড়া এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে অজ্ঞাত এক ব্যক্তির ডাকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অজ্ঞাত লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা থানায় গিয়ে লাশটি শনাক্ত করেন। তার গলায় শ্বাসরোধের স্পষ্ট আলামত পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের ভাই ইউসুফ আলী বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৫, তারিখ: ২৩/০৪/২০২৬, জিআর-৬৫/২০২৬)।

তদন্তে নেমে পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে গোপালগঞ্জ সদর এলাকা থেকে তরিকুল ইসলামকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে রহমতপুর গ্রাম থেকে সবুজ হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি নীল রঙের অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের স্ত্রী তাসলীমা খাতুনের সঙ্গে স্থানীয় এক ব্যক্তি আনোয়ার হোসেনের সম্পর্ক ছিল। এ নিয়ে ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে ইউনুস আলীকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে রাখা হয়।

পিবিআই জানায়, এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। পুলিশ বলছে, দ্রুত সময়ের মধ্যেই মামলার পূর্ণ রহস্য উদঘাটন করে সকল আসামীকে আইনের আওতায় আনা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন