সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্লা সীমান্তে বিনামূল্যে চক্ষু শিবির

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্তবর্তী জনগণের জন্য বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে।
expand
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্তবর্তী জনগণের জন্য বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্তবর্তী জনগণের জন্য বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে। একই সঙ্গে সরাইল রিজিয়নের আভিযানিক কার্যক্রম নিয়ে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৩টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা রেল স্টেশন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

বিজিবির মেডিক্যাল অফিসার ডাঃ অরন্ধতী মোদকের নেতৃত্বে এবং লায়নস ক্লাব, হবিগঞ্জের সহযোগিতায় গঠিত একটি বিশেষ মেডিক্যাল টিম স্থানীয়দের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চশমা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করে। এ সময় প্রায় ২০০ জন মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি ছানি অপারেশনের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সেবার টোকেন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

মিডিয়া ব্রিফিংয়ে বিজিবির সরাইল রিজিয়নের আভিযানিক সাফল্য তুলে ধরা হয়। জানানো হয়, দেশের মোট ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ১,২০৪ কিলোমিটার। এই এলাকায় ৪টি সেক্টরের অধীনে ১৩টি ইউনিট ও ২১১টি বিওপির মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করছে।

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সময়ে পরিচালিত বিভিন্ন অভিযানে ৭৬ জন আসামিকে আটক এবং প্রায় ২৫৮ কোটি ৭৪ লাখ টাকার মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

এছাড়া অভিযানে পিস্তল, কার্তুজ, গ্রেনেড, ম্যাগাজিনসহ দেশীয়-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সময়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর ও বালু জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত দিয়ে গবাদিপশু আনা ও কোরবানির চামড়া পাচার রোধে আগাম সতর্কতা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান ও মাদক প্রতিরোধসহ সকল ক্ষেত্রে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন