

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ মজুদ ও চোরাচালান রোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশ অংশ নেয়। অভিযানকালে ‘মা-বাবার দোয়া’ বরফ কল সংলগ্ন এলাকা থেকে ১৫টি ব্যারেলে মজুদকৃত মোট ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
এ সময় অতিরিক্ত মুনাফার আশায় ডিজেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মো. মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযান শেষে জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জাতীয় স্বার্থবিরোধী এ ধরনের অবৈধ জ্বালানি মজুদ ও পাচার কার্যক্রম দমনে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন