রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির নারীশক্তির কমিটি থেকে আরেক নেত্রীর পদত্যাগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম
জাতীয় যুবশক্তি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)।
expand
জাতীয় যুবশক্তি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক সংগঠক ও সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)।

শনিবার (১৮ এপ্রিল ) তিনি কেন্দ্রীয় আহ্বায়ক বরাবর পাঠানো এক লিখিত পত্রে দলীয় সকল পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেন।

জানা যায়, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক এবং ১৬ মে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান প্রীতি।

এছাড়া ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে এনসিপির পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে ১১ দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন মাওলানা রফিকুল ইসলাম খাঁনের কাছে যাওয়ার পর তিনি দলীয় কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা করেন।

এদিকে, ১৮ এপ্রিল এনসিপির জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতির নাম অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে, জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে ‘সম্মতি ও অবগত’ করা ছাড়াই অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে পদত্যাগ করার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ফারাহা এমদাদ।

এ বিষয়ে প্রীতি বলেন, তিনি অনেকদিন ধরেই এনসিপির কার্যক্রমে নিষ্ক্রিয় রয়েছেন। নতুন কমিটিতে নিজের নাম দেখে তিনি বিস্মিত হয়েছেন। বিষয়টি জানার পরই তিনি আনুষ্ঠানিকভাবে লিখিত পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দলের প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির সঙ্গে বর্তমান কার্যক্রমের অমিল থাকায় তার পক্ষে দলে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, ভবিষ্যতে দেশ ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন