শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সড়কের পাশে মিলল জীবিত নবজাতক

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম
সখীপুরে রাস্তার পাশে থেকে একটি জীবিত সদ্যজাত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার
expand
সখীপুরে রাস্তার পাশে থেকে একটি জীবিত সদ্যজাত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে রাস্তার পাশে থেকে একটি জীবিত সদ্যজাত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের তৈলধারা বারোমন্ডলীয়া এলাকায় শিশুটিকে দেখতে পান স্থানীয় এক মুসল্লি।

প্রত্যক্ষদর্শী আব্দুর ছালাম (৫০) জানান, ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে রাস্তার পাশের ঝোপঝাড়ের ভেতরে গিয়ে নবজাতকটিকে দেখতে পান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না, শুধু একটি পাতলা কাঁথায় মোড়ানো ছিল। রাতে বাইরে থাকার কারণে শিশুটির শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দিয়েছে।

উদ্ধারের পর দ্রুত শিশুটিকে সখীপুর মা ও শিশু কেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ডা. শামসুল আলমের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আপাতত শিশুটি এলাকার নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের হেফাজতে রয়েছে। ওই দম্পতি শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধারের বিষয়টি জেনেছি। শিশুটির চিকিৎসা চলমান রয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পরিত্যক্ত অবস্থায় নবজাতক কন্যা শিশুকে উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন