শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জমিয়তে দ্বন্দ্ব: গোপন সম্মেলন ঘিরে উত্তেজনা, শোকজ দুই নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। নেতৃত্বের দ্বন্দ্ব, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং গোপন কর্মী সম্মেলন আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মধ্যে।

দলীয় সূত্রে জানা গেছে, দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মনির হোসেন কাসেমীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে জেলা ও মহানগর কমিটি পরিচালিত হয়ে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগরের সভাপতি কামাল উদ্দিন দায়েমী ও সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসাইন পৃথকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা শুরু করেন। তারা মেয়াদোত্তীর্ণ কমিটির বাইরে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিল আয়োজন করেন, যা নিয়ে শুরু হয় বিতর্ক।

অভিযোগ রয়েছে, এসব কার্যক্রমে জেলা ও মহানগরের সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করা হয়নি এবং কেন্দ্রীয় নেতাদেরও একপাক্ষিকভাবে আমন্ত্রণ জানানো হয়।

বিষয়টি নিয়ে আলোচনা হলে মনির হোসেন কাসেমী নিজেকে এ বিষয়ে অবগত নন বলে জানান। পরবর্তীতে নেতাকর্মীদের দাবির মুখে একটি নির্ধারিত কাউন্সিল স্থগিত করা হয়।

এরপরও সংশ্লিষ্ট নেতারা কার্যক্রম চালিয়ে গেলে সংগঠনের পক্ষ থেকে মাওলানা ফেরদাউসুর রহমান ও কামাল উদ্দিন দায়েমীকে শোকজ করা হয়। কিন্তু শোকজের পরও তারা কেন্দ্রীয় নেতাদের ভিন্নভাবে অবহিত করে গোপনে কর্মী সম্মেলন আয়োজনের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সম্মেলনটি প্রতিরোধ করেন। এ সময় জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জসিম আলী, সাইনবোর্ড জোন সভাপতি ওসমান গনী, ফতুল্লা থানা সিনিয়র সহসভাপতি হাফেজ হানজালা, থানা সহসভাপতি নজরুল ইসলাম,থানা যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান থানা সহসাংগঠনিক আনিসুর রহমান ছানি এবং সহ-দপ্তর সম্পাদক ফয়সাল ইবনে মাহফুজ নেতৃত্ব দেন। এছাড়াও প্রায় দুই শতাধিক ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, তারা হীরা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে আয়োজকরা পরিস্থিতি বুঝে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান তারা।

পরে মাওলানা ফেরদাউসুর রহমান, সাবেক মহানগর সেক্রেটারি মাওলানা মনোয়ার হোসেন হিরা কমিনিউটির সামনে আসলে উপস্থিত নেতাকর্মীরা ক্ষিপ্ত হলে, দায়িত্বশীলরা তাকে দ্রুত স্থান ত্যাগ করিয়ে দেয়।

এ ঘটনায় সংগঠনের অভ্যন্তরে বিভক্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্বের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন