মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলীর মৃত্যু হয়। তিনি উপজেলার বুল্লা গ্রামের রুস্তম আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুল্লা গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে প্রতিবেশী সানু মিয়ার ছেলে কামাল মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত মোহাম্মদ আলী মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে আহত মোহাম্মদ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন