

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা–১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামকে।
গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উদয়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকার কায়সার কামাল উপজেলার বড়খাপন ইউনিয়নের গুড়াডোবা হাওরে স্বেচ্ছাশ্রমে নির্মাণাধীন একটি বাঁধ পরিদর্শনে যাচ্ছিলেন। পথে উদয়পুর বাজার এলাকায় উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয় তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য। শিক্ষার্থীদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি গাড়ি থামিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এর কারণ জানতে চান।
তিনি বলেন, ভবিষ্যতে যেন শিক্ষার্থীদের এভাবে রাস্তায় দাঁড় করানো না হয়। আগে জানালে তিনি নিজেই বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন। পরে তিনি ইউএনওকে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরবর্তীতে তিনি বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনার আয়োজন করতে পারবে না। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং মোবাইল ফোনে আসক্ত না হয়ে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর পরামর্শ দেন।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন