শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে কাজ করবে: ড. মঈন খাঁন 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নির্ণায়ক বিজয় অর্জনের পর বিএনপি দ্রুত সময়ের মধ্যেই মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে কাজ করবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) নরসিংদীর পলাশ উপজেলায় ৫৫তম স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত একাধিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের হাত ধরেই দলটির জন্ম। ফলে স্বাধীনতার চেতনা ও জাতীয়তাবাদ রক্ষায় বিএনপিই দেশের সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি। তিনি দাবি করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় আপসহীন ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের মূল আদর্শ—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বৈষম্যমুক্ত সমাজ গঠনের স্বপ্ন অনেকাংশেই অপূর্ণ রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রক্ষমতায় থাকা বিভিন্ন সময়ের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় বারবার ব্যর্থতা দেখা গেছে। তবে দেশের জনগণ প্রতিবারই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইতিহাসের বিভিন্ন পর্যায় তুলে ধরে ড. মঈন খান বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের একদলীয় শাসনব্যবস্থা এবং ১৯৮২ সালের সামরিক শাসন দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করেছে।

এছাড়া ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কাল নিয়েও সমালোচনা করে তিনি অভিযোগ করেন, এ সময়ে স্বৈরাচারী শাসনের কারণে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং সমাজে বৈষম্য আরও গভীর হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার জনগণের অধিকার সংকুচিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশে এখনও ধনী-গরিব, ক্ষমতাবান-সাধারণ মানুষের মধ্যে ব্যবধান, আঞ্চলিক বৈষম্য এবং নারী-পুরুষের অসমতা বিদ্যমান। বিশেষ করে পাহাড়ি, উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের জনগণ সমান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন