মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে ভিজিএফ চাল কেলেঙ্কারি, দুইজনকে কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৮:২০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ঈদ উপহারের ভিজিএফ চাল অবৈধভাবে ক্রয়, সংরক্ষণ ও মজুদের অভিযোগে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষীদের দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. সাজ্জাদ হোসেন ও চিত্তরঞ্জন বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ১০ কেজি হারে চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ করার অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭টি স্বাক্ষরযুক্ত ও ৬৯টি স্বাক্ষরবিহীন জাল কার্ডসহ মোট ৭৬টি কার্ড জব্দ করা হয়। এছাড়া ৫০ কেজি ওজনের দুটি বস্তা খোলা ত্রাণের চাল উদ্ধার করা হয়।

অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মো. সাজ্জাদ হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে চিত্তরঞ্জন বিশ্বাসকে ১৫ দিনের কারাদণ্ড ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে দেখা যায়, উপকারভোগীদের মাঝে নির্ধারিত ১০ কেজির পরিবর্তে কম পরিমাণ চাল বিতরণ করা হচ্ছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ ভবনের বিভিন্ন কক্ষ থেকে ৫৬টি কার্ডের বিপরীতে ৫৫৯ কেজি চাল জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন এবং ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে থাকা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন