

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড উপকূলীয় এলাকা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গভীর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকা। মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে আকস্মিক এই ঝড় আঘাত হানে উপজেলার বিভিন্ন স্থানে।
ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, দোকানপাট, গাছপালা ও মসজিদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে, কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক স্থানে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।
বড়বাইশদিয়া ইউনিয়নের বাসিন্দা জাহিদ ফকির জানান, “গভীর রাতে তারাবি ও শবে কদরের নামাজ শেষে বাসায় এসে খেতে বসেছিলাম। হঠাৎ করেই ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই আমার ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যায়। স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হই।”
একই গ্রামের দিনমজুর রাসেল ফকির বলেন, “আমি দিন আনি দিন খাই। হঠাৎ ঝড়ে একটি গাছ ভেঙে আমার ঘরের ওপর পড়ে। এতে আমার ঘরটি সম্পূর্ণ ভেঙে যায়। এখন ঘর মেরামতের কোনো সামর্থ্য নেই।”
গাববুনিয়া এলাকার বিধবা কহিনুর বেগম জানান, তার দুটি মেয়ে বিবাহিত এবং তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। ঝড়ে তার ঘরটি উড়ে যাওয়ায় বর্তমানে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে সকলের সহযোগিতা কামনা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঝড়ে উপজেলায় কয়েকশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্মকর্তার তথ্য অনুযায়ী ১৮০ঘর সম্পূর্ণ এবং প্রায় ১০০০ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই তথ্য উর্ধতন কর্মকর্তাদের নিকট প্রেরণ করা হয়েছে। এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে দ্রুত সরকারি সহায়তা প্রদান করা হোক।
মন্তব্য করুন