

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে এবং সাহস নিয়ে প্রথম রাজপথে নেমেছে। তিনি বলেন, ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনই স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে লড়াইয়ের পথ দেখিয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর কালীবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে ছাত্র সংগঠন ‘ছাত্রশক্তি’ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আল আমিন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদের সাহসী ভূমিকা জাতির জন্য অনুপ্রেরণার। এ সময় শহীদ আবু সাঈদ, ওয়াসিম, মীর মুগ্ধসহ নারায়ণগঞ্জের শহীদ আদিল ও রাব্বির আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের রক্তের বিনিময়েই জনগণ স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি পেয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ওপর জেঁকে বসা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্ররা সাহসিকতার সঙ্গে আন্দোলন করেছে। বিভিন্ন সময় দেখা গেছে, ছাত্রদের অংশগ্রহণ ছাড়া অনেক আন্দোলনই সফলতার মুখ দেখেনি। তাই দেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ একবার রাজপথে নেমে ফ্যাসিবাদী শক্তিকে বিতাড়িত করেছে। পরবর্তীতে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমেও জনগণ সেই শক্তিকে প্রত্যাখ্যান করেছে। তিনি মনে করেন, এটি দেশের গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।
ছাত্র সংগঠন ‘ছাত্রশক্তি’র নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি আল আমিন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে ইতিবাচক রাজনীতি করতে হবে। ছাত্র সংগঠন যেন কোনো রাজনৈতিক দলের পেশিশক্তি হিসেবে কাজ না করে এবং কেবল প্রটোকল দেওয়ার সংগঠনে পরিণত না হয়। বরং ছাত্রবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
ইফতার মাহফিলে ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন