শুক্রবার
০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্বামী আটক

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১১:১০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জামালপুর শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় স্ত্রীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) রাত প্রায় ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম হোসেন মো. তাইফুর (৪০)। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলে জানা গেছে। নিহত গৃহবধূ তাহমিনা আক্তার তানিয়া (৩৫) দুই সন্তানের জননী।

পুলিশ জানায়, সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

পরে রাত দেড়টার দিকে অভিযুক্ত স্বামী তাইফুরকে গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ থেকে ১৭ বছর আগে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার হোসেন মো. তাইফুরের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই স্বামীর মাদকাসক্তি ও পারিবারিক কলহের কারণে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। এ কারণে তানিয়া প্রায়ই বাবার বাড়িতে অবস্থান করতেন।

নিহতের ছোট ভাই তুহিন ফয়সাল জানান, ঘটনার দিন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যান তানিয়া। পরে গভীর রাতে খবর পান যে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, রাত দেড়টার দিকে পরিবারের সদস্যরা এ ঘটনার খবর পান।

স্থানীয় বাসিন্দারা বলেন, রাত দেড়টার দিকে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে সন্দেহ হয়। পরে জানালার কাচ ভেঙে ভেতরে তাকালে খাটের ওপর তানিয়ার পোড়া দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মরদেহ বিছানায় রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনে মরদেহ উদ্ধার করা হয় এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন