বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফার্নিচার ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্য, নারীসহ তিনজন আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৫:০৮ পিএম
অভিযান চালিয়ে আটক মাদক ব্যবসায়ী
expand
অভিযান চালিয়ে আটক মাদক ব্যবসায়ী

কক্সবাজার সদরের খরুলিয়া ও মুক্তারকুল থেকে নারীসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও সাড়ে চার লাখ নগদ টাকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাতে কক্সবাজার সদর থানার একটি দল খরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খরুলিয়া সুতারচর এলাকার আলী আহমদের ছেলে মো. রাসেল (৪০), রামু উপজেলার পশ্চিম মেরংলোয়া এলাকার আলমগীর প্রকাশ আলমের স্ত্রী কামরুন্নাহার (৩২) এবং একই এলাকার মৃত নজিবুল আলমের ছেলে শওকত আলম (৩০)। তারা বর্তমানে কক্সবাজার সদরের মুক্তারকুল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, খরুলিয়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফার্নিচার ব্যবসার আড়ালে একটি সংগঠিত চক্র ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক কারবার করে আসছে। তারা ব্যবসাকে ঢাল হিসেবে ব্যবহার করে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। স্থানীয়দের দাবি, আটক মোঃ রাসেল এই চক্রের অন্যতম সক্রিয় সদস্য। এর আগেও তিনি একাধিকবার মাদক মামলাে গ্রেপ্তার হয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, মাদক পাচার ও লেনদেনের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় মুক্তারকুল এলাকার হানিফের ছেলে আলমগীর নামের একজন পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রীসহ বাকি দুজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও সাড়ে চার লাখ নগদ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

ওসি ছমি উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এতে আমি নিজেই নেতৃত্ব দিই। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন