

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বাহুবলের মধুপুর রিজার্ভ ফরেস্ট এলাকায় সংরক্ষিত বনে গাছ কাটায় বাধা দিতে গিয়ে ফরেস্ট গার্ডের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ফরেস্ট গার্ড বাদী হয়ে বাহুবল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পুটিজুরী ফরেস্ট অফিসের ফরেস্ট গার্ড আব্দুল মালেক (৩৮) ও তার সহকর্মী মো. আব্দুর রহমান ফয়জাবাদ আশ্রয়ন প্রকল্প সংলগ্ন সরকারি সংরক্ষিত বনাঞ্চলে টহল দিচ্ছিলেন। এ সময় তারা কয়েকজনকে গাছ কাটতে দেখে বাধা প্রদান করেন। এতে অভিযুক্ত আবিদ আলী (৪৮), ইব্রাহিম মিয়া (২৮), রায়হান মিয়া (২৫) ও সোহেল মিয়া (৩৫) ক্ষিপ্ত হয়ে ফরেস্ট গার্ডদের ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। বাদীর দাবি, ইব্রাহিম মিয়া ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দিতে গেলে তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলী ও তর্জনীর মাঝখানে গুরুতর কাটা জখম হয়। অন্যরা লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
একই সময়ে সহকর্মী মো. আব্দুর রহমানকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সংরক্ষিত বন থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০ চারা গাছ কেটে নিয়ে আনুমানিক দুই লাখ টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করেছে।
রেঞ্জ কর্মকর্তা শায়েস্তাগঞ্জ তোফায়েল আহমেদ কালবেলাকে বলেন, আমার দু'জন স্টাফ টহলে গিয়ে দেখে কয়েকজন চুর বনের গাছ কাটাছে। তারা বাধা দিলে তেদের উপর হামলা করে জখম করে। ঘটনাটি আমি গিয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করাই। চিকিৎসা শেষে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। বন রক্ষায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম কালবেলাকে জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। বন বিভাগের পক্ষ থেকে এমন ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
মন্তব্য করুন