

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে ঢাকার কেরানীগঞ্জের আটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি দোকান থেকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সরকারি নির্দেশনা অমান্য এবং নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে গরুর মাংসের দোকান, মুদি দোকান ও ফলের দোকানকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুকের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। তিনি বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় বা ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের ভোগান্তিতে না ফেলতে পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য বিক্রির আহ্বান জানান তিনি।
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। অভিযানে সহযোগিতা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর একটি দল।
মন্তব্য করুন
