

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের প্রতি শক্তিশালী সমর্থনের বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের কাছে যা চাইবে, তাই পাবে। এ সময় তিনি নিজেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বড় ভক্ত’ হিসেবে উল্লেখ করেন।
রোববার (২৪ মে) দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে যুক্ত হয়ে ট্রাম্প এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ফোনালাপে ট্রাম্প বলেন, “ভারত আমাদের ওপর শতভাগ ভরসা রাখতে পারে। তাদের কোনো সহায়তা প্রয়োজন হলে তারা জানে কাকে ফোন করতে হবে।” তিনি আরও বলেন, “আমরা ভারতের সঙ্গে আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি ঘনিষ্ঠ অবস্থানে আছি।”
নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভাসিয়ে ট্রাম্প বলেন, “আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ এবং তিনি আমার বন্ধু।” একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে শক্তিশালী অর্থনীতি ও শেয়ারবাজার নিয়ে ‘রেকর্ড’ গড়ছে।
মার্কো রুবিওকে ‘সর্বশ্রেষ্ঠ’ পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও আখ্যা দেন ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বে তার ভূমিকার প্রশংসা করেন।
এর আগে, শনিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও মোদিকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, মার্কো রুবিওর ভারত সফর এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের কারণে উদ্বেগ তৈরি হয়েছে। নতুন নীতিতে বৈধভাবে বসবাসকারী অনেক অভিবাসীকে নিজ দেশে ফিরে গিয়ে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিনকার্ডের জন্য আবেদন করতে বলা হয়েছে।
রোববার সকালে রুবিও জানান, যুক্তরাষ্ট্র ও ভারত একটি বহুল প্রত্যাশিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তিনি বলেন, চুক্তিটি হবে উভয় দেশের জন্য ‘উপকারী’, ‘টেকসই’ এবং জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর তিনি আরও জানান, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, জ্বালানি নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
