শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সূর্যবংশীর বিশ্ব রেকর্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের বিস্ময়কর বাঁহাতি তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটি করে বিশ্ব রেকর্ড গড়লেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি করার সময় তিনি মাত্র ১৫ বছর ১১৮ দিন বয়সের একজন কিশোর।

এর আগে এই রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিন বয়সে ফিফটি করেছিলেন তিনি। সেই রেকর্ডই আজ ভেঙে দিলেন সূর্যবংশী।

আন্তর্জাতিক ক্রিকেটে সূর্যবংশীর শুরুটা অবশ্য খুব একটা ভালো না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের শুরুতেই দেখালেন চমক! বাঁহাতি এই ওপেনার মাত্র ১৮ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় তুলে নেন দুর্দান্ত এক ফিফটি।

এর আগে, গত ৪ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে তিনি করেন ১৪ রান। পরের দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ১৩ ও ১৫ রান।

হারারের ম্যাচটিতে ভারতের জয়ের লক্ষ্য অবশ্য খুব বড় ছিল না। ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আসে ভারত। শেষ পর্যন্ত দলটি জিতেছে ৭ উইকেট আর ৪০ বল হাতে রেখে। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অধীনে এই প্রথম জিতল ভারত।

সূর্যবংশীর আগে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হাফ সেঞ্চুরির রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। ১৯৮৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদ টেস্টে ৫৯ রান করার সময় টেন্ডুলকারের বয়স ছিল ১৬ বছর ২১৩ দিন। প্রায় ৩৭ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন