

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি।
এনসিপির মিডিয়া টিম জানিয়েছে, শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হবে।
দলটির অভিযোগ, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত।
আজ দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার একপর্যায়ে সাহেদ আহম্মেদের পেছন দিক থেকে কিছু যুবক পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এসময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন। পরে এনসিপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন হামলা চালিয়েছেন। তারা ডিম নিক্ষেপ করেছেন। এতে আমাদের তিন-চারজন আহত হয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক হামলার বিচার চাইবো। আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আইনমন্ত্রীর এলাকাতেই যদি আইনশৃঙ্খলার এরকম অবস্থা হয়, তাহলে তার মন্ত্রী থাকার দরকার নেই।’
এ বিষয়ে ছাত্রদল নেতা সাহেদ আহম্মেদ বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন জেলায় সফরে গিয়ে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি ঝিনাইদহে সফরে এলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করে কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার বিষয়ে আলাপ করতে যাই। এসময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করে। মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’
