

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী ভোক্তা অধিকারবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করেছে খাস ফুড লিমিটেড।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (২২ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে খাস ফুডের প্রধান কার্যালয়ে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং উত্তম ভোক্তা-সেবা’ শীর্ষক এ প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক (মেট্রো-১) মো. আব্দুল জব্বার মণ্ডল এবং সহকারী পরিচালক (প্রশিক্ষণ) তাহমিনা বেগম। এছাড়া খাস ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বাস্তব কেস স্টাডি, প্রশ্নোত্তর পর্ব ও মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা ভোক্তার অধিকার, নিরাপদ খাদ্য এবং গ্রাহকসেবার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।
এ সময় সহকারী পরিচালক (প্রশিক্ষণ) তাহমিনা বেগম ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর গুরুত্বপূর্ণ ধারা, আইনটির প্রয়োগ, ভোক্তার অধিকার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মসূচিতে, সহকারী পরিচালক (মেট্রো-১) মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, গ্রাহকের সন্তুষ্টি অর্জনে নৈতিকতা, স্বচ্ছতা ও সদাচরণের কোনো বিকল্প নেই। তিনি ব্যবসা প্রতিষ্ঠানের আইনগত ও নৈতিক দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি অভিযোগ ব্যবস্থাপনা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) বিকাশ চন্দ্র দাস ভোক্তার অধিকার সংরক্ষণে এমন উদ্যোগ গ্রহণ করায় খাস ফুডকে ধন্যবাদ জানান। তিনি বলেন, একটি ব্র্যান্ডের মূল ভিত্তি হলো পণ্যের গুণগত মান ও ভোক্তার সন্তুষ্টি। এ লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করতে তিনি প্রতিষ্ঠানের কর্মীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রেখে খাস ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফা বলেন, নিরাপদ খাদ্য সরবরাহের পাশাপাশি ভোক্তার অধিকার সংরক্ষণকে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তিনি জানান, গ্রাহকের কাছে সর্বোচ্চ মানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খাস ফুড নিয়মিত জ্ঞান অর্জন, কার্যক্রম মূল্যায়ন এবং ধারাবাহিক উন্নয়নের নীতি অনুসরণ করছে। প্রশিক্ষণ থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে সেবার মান উন্নয়ন এবং ভোক্তার আস্থা আরও বাড়াতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
খাস ফুডের তথ্য অনুযায়ী, নিরাপদ খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে গত ১১ বছর ধরে তারা দেশের লাখো গ্রাহকের আস্থা অর্জন করে আসছে।