

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন সূত্রে জানা গেছে, ফলাফল আগামী এপ্রিল মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানান, এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার সব প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়েই কমিশন কাজ করছে। সেই রোডম্যাপ অনুযায়ী ৪৭তম বিসিএসের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে প্রিলিমিনারি পরীক্ষার ফলও পূর্বঘোষিত সময়ের মধ্যে প্রকাশ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার লিখিত পরীক্ষার ফল এপ্রিল মাসে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রগুলোতে একসঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী।
উল্লেখ্য, প্রিলিমিনারি পরীক্ষা গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশে পিএসসি রেকর্ড গড়েছিল; পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মধ্যে ২৮ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়েছিল।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। পিএসসির পরিকল্পনা অনুযায়ী প্রতিবছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরবর্তী বছরের অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুততম সময়ে মৌখিক পরীক্ষার সূচিও ঘোষণা করা হতে পারে।
মন্তব্য করুন