শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে আক্ষেপ ঘুচল প্রভার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ এএম
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা
expand
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। মডেলিং দিয়ে ২০০৬ সালে শোবিজে যাত্রা শুরু করলেও এবং নাটকে জনপ্রিয়তা পাওয়ার পরও এতদিন সিনেমায় দেখা যায়নি তাঁকে।

সমসাময়িক অনেক শিল্পী সিনেমায় যুক্ত হলেও প্রভার ক্ষেত্রে সেই সুযোগ বারবার হাতছাড়া হয়েছে। এবার যুক্ত হলেন একসঙ্গে সরকারি অনুদানের দুই সিনেমায়—ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ এবং সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’।

দুই সিনেমায় ভিন্ন চরিত্রে প্রভা

‘দুই পয়সার মানুষ’ ছবির প্রথম লটের শুটিং শেষ করেছেন প্রভা। সাধারণ মানুষের সংগ্রাম, স্বপ্ন ও মানবিক সম্পর্কের গল্প ফুটে উঠবে এতে। সহশিল্পী হিসেবে থাকছেন এবিএম সুমন। আগামী মাস থেকে শুরু হবে দ্বিতীয় লটের কাজ।

অন্যদিকে ‘দেনা পাওনা’ সিনেমায় প্রভার চরিত্রের নাম নিরুপমা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত এই সিনেমায় তাঁর সহশিল্পী মামনুন হাসান ইমন। বর্তমানে গাজীপুরের হোতাপাড়ায় চলছে এর শুটিং।

প্রভা বলেন, “অনেকবার সিনেমার প্রস্তাব এলেও শেষ মুহূর্তে করা হয়নি। এবার দুটো কাজ হাতে নিতে পেরে মনে হচ্ছে আক্ষেপ ঘুচেছে। নতুন চরিত্রে দর্শকদের সামনে হাজির হবো।”

অনুদানপ্রাপ্ত দুই প্রজেক্ট

২০২২–২৩ অর্থবছরে ‘দেনা পাওনা’ পায় ৫৫ লাখ টাকা অনুদান এবং ‘দুই পয়সার মানুষ’ ৫৮ লাখ টাকা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমা দুটি।

অভিনয় জীবনের ছন্দপতন থেকে প্রত্যাবর্তন

এক সময় অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন প্রভা। বিদেশে মেকআপ প্রশিক্ষণও নিয়েছিলেন, ফলে শোবিজে গুঞ্জন ওঠে তিনি হয়তো অভিনয় ছাড়ছেন। তবে দেশে ফেরার পর জানান, তিনি বিদায় নেননি, শুধু বেছে কাজ করছেন।

প্রভা বলেন, “এ সময়টা নিজেকে তৈরি করার জন্য নিয়েছি। এখন মনে হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আশা করি দর্শক নাটকের মতোই সিনেমাতেও আমাকে ভালোবাসবেন।”

এনপিবি/ এ আর

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন