শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বার বার বেসুরো লোকদের নিয়া আসে’ ক্লোজআপ ওয়ান তারকা মুহিন খান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে এক মিশ্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার দিবাগত রাতে তিনি ঢাকায় এসে পৌঁছালে ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা দেয়।

তবে তার এই সফরকে কেন্দ্র করে কঠোর সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত দেশীয় সংগীতশিল্পী মুহিন খান।

আয়োজকদের তীব্র সমালোচনা করে বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন মুহিন। কনসার্টের আয়োজক সংস্থা ‘সোসাইটি ফর বাংলাদেশ’-এর নাম উল্লেখ করে তিনি লেখেন, ‘নাম দিয়েছে কনসার্ট সোসাইটি ফর বাংলাদেশ, এদের বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা নাই। বার বার ফ্যাসিবাদের সঙ্গে চলে আর বেসুরো লোকদের নিয়া আসে, এদের বাপের ক্ষমতা থাকলে এদেরকে নিয়ে ওদের দেশে এই অনুষ্ঠান করে দেখাক।’

পোস্টে আতিফ আসলামের পাশে থাকা এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে মুহিন আরও অভিযোগ তোলেন যে, এই গোষ্ঠীরা ১৭ বছর ধরে ফ্যাসিবাদের সাথে তাল মিলিয়ে চলেছে। বিগত দিনে দেশীয় শিল্পীদের সুরক্ষায় ‘শিল্পী বাঁচান’ আন্দোলনে তাদের কখনো পাশে পাওয়া যায়নি।

দেশের বর্তমান বন্যা পরিস্থিতি ও সামগ্রিক অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বিনোদন জগতে বিদেশি শিল্পী আনার চেয়ে দেশের অভ্যন্তরীণ সংস্কারের ওপর বেশি জোর দেওয়ার দাবি জানান।

স্ট্যাটাসের একদম শেষভাগে তিনি 'সবার আগে বাংলাদেশ' হ্যাশট্যাগ ব্যবহার করে নীতি নির্ধারণী মহলের সুদৃষ্টি আকর্ষণ করেন।

মুহিন খানের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ দেশীয় শিল্পীদের স্বার্থ সুরক্ষা ও স্থানীয় প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে মুহিনের বক্তব্যকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন।

অন্যদিকে, আরেকটি অংশ যুক্তি দিচ্ছেন যে আন্তর্জাতিক মানের গান উপভোগ ও সাংস্কৃতিক আদান-প্রদানের স্বার্থে বিদেশি শিল্পীদের এনে এমন কনসার্ট আয়োজন করা ইতিবাচক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন