

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। সাম্প্রতিক এক নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ থাকবে। সরকারের এই জরুরি নির্দেশনা মোতাবেক রোববার (৫ এপ্রিল) থেকে সন্ধ্যার শো স্থগিত রাখছে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘ব্লকবাস্টার সিনেমাস’।
গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জনপ্রিয় মাল্টিপ্লেক্সটি তাদের এই সিদ্ধান্তের কথা জানায়। যেখানে বলা হয়, ‘সরকারের সাম্প্রতিক জরুরি নির্দেশনা অনুযায়ী রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সকল দোকান আর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হওয়ায়, আমাদের পূর্বনির্ধারিত প্রতিদিনের সন্ধ্যার শোগুলো সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে। এই সিদ্ধান্ত রোববার থেকে কার্যকর হবে।’
দর্শকদের যারা সন্ধ্যার শোয়ের জন্য ইতিমধ্যে অগ্রিম টিকিট কেটেছেন, নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তাদের সেই টাকা ফেরত (রিফান্ড) দেওয়া হবে বলেও জানিয়েছে ব্লকবাস্টার সিনেমাস।
বিজ্ঞপ্তিতে তাদের ভাষ্য, ‘রোববার থেকে সন্ধ্যা ৬টার পর সংশ্লিষ্ট শোগুলোর জন্য যারা অগ্রিম টিকিট ক্রয় করেছেন, তাদের সকলকে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে রিফান্ড প্রদান করা হবে।’
সবশেষে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করে দর্শকদের সহযোগিতা কামনা করেছে ব্লকবাস্টার সিনেমাস।
এদিকে, জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এখনও এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানা গেছে। মাল্টিপ্লেক্সটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সরকারি বিষয়টি সম্পর্কে অবগত আছি। সেটি নিয়ে পর্যালোচনা করছি। তবে আপাতত আজ ও আগামীকাল সন্ধ্যা ৬টার পরের সকল শো আমরা স্থগিত করেছি। এর পরের সিদ্ধান্তগুলো আমরা ধারাবাহিকভাবে ওয়েবসাইটের মাধ্যমে জানাবো।’
এই কর্মকর্তা আরও জানান, এই দুই দিনের শোয়ের টিকিট অগ্রিম বিক্রি করেনি প্রতিষ্ঠানটি। ফলে রিফান্ড জটিলতা থেকে মুক্ত থাকছে দর্শকরা।
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরায়েলের যুদ্ধের ফলে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে বিরূপ প্রভাব পড়েছে। বিশেষ করে, থমকে গেছে জ্বালানি তেলের আমদানি-রপ্তানি। আর এই সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। ফলে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশ সরকার।
মন্তব্য করুন
