

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলা ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১১টায় সিলেট কোর্ট পয়েন্টের বন্দরবাজার এলাকায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট বিভাগের প্রতিষ্ঠাতা সাংবাদিক কামাল খান এবং সঞ্চালনা করেন সাংবাদিক জুবের আহমদ সার্জন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, কবি ও সাহিত্যিক এবং লেবার পার্টির জেলা সভাপতি দেওয়ান মতিউর রহমান খান।
মানববন্ধনে বক্তব্য রাখেন— নুরুদ্দীন রাসেল (ব্যবস্থাপনা সম্পাদক, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট), শাহান উদ্দিন নাজু, আব্দুল আহাদ (সহ-সাধারণ সম্পাদক, স্বর্ণালী সাহিত্য পরিষদ, সিলেট জেলা), লিমন আহমদ (দৈনিক জাগ্রত কণ্ঠ), হারুনুর রশিদ সংগ্রাম (সিনিয়র সাংবাদিক), শরিফ আহমদ (ফটোগ্রাফার, দৈনিক মাতৃ জগত), মোঃ শিহাব উদ্দিন (সাপ্তাহিক জাতীয় তদন্ত রিপোর্ট), আবুল কালাম (স্বদেশ প্রতিদিন, বিভাগীয় ব্যুরোচিফ), হোসেন আহমদ (সহ-সাংগঠনিক সম্পাদক, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট জেলা), মোঃ নিজাম উদ্দিন (দৈনিক বাংলাদেশ সমাচার) এবং সাংবাদিক সোহাগ।
সভাপতির বক্তব্যে কামাল খান সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও নির্যাতন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রধান অতিথি দেওয়ান মতিউর রহমান খান বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকতে হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
মানববন্ধনে সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের বি.কে. বাড়ি এলাকায় ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
