রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় জুমার নামাজের সময় মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় জুমার নামাজ চলাকালে দুটি পৃথক চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ধোপাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি মোটরসাইকেল এবং পুঠিয়া মডেল মসজিদ থেকে একটি সাইকেল চুরি হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুঠিয়া থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাপাড়া গ্রামের যুবক সোহেল রানা প্রতিদিনের মতো জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যান। তিনি তার নওগাঁ-হ ১৭-৬৫১২ নম্বরের হিরো ইগনিটর মোটরসাইকেলটি মসজিদের সামনে ঘাড় লক করে রেখে ভিতরে প্রবেশ করেন। নামাজ শেষে বের হয়ে তিনি দেখতে পান, মোটরসাইকেলটি আর সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অন্যদিকে, একই সময়ে পুঠিয়া মডেল মসজিদ থেকে আরও একটি সাইকেল চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, গত দুই বছরে ওই এলাকায় প্রায় ৩০টির মতো মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়নি। অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ বা জিডি করতে অনাগ্রহ দেখান বলেও জানা গেছে।

ভুক্তভোগী সোহেল রানা বলেন, মোটরসাইকেলের লক লাগিয়ে নামাজে ঢুকেছিলাম। নামাজ শেষে এসে দেখি গাড়িটি নেই। কেউ লক ভেঙে নিয়ে গেছে। পরে থানায় জিডি করেছি।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে নতুন কোনো আপডেট এখনো পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চুরির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন