

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেরি করে ঝালমুড়ি বিক্রির আড়ালে মাদক বিক্রির অভিযোগে বাবর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডের পারটেক্স পেপার মিলের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারটেক্স পেপার মিলের ভেতরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সরকারি খাবার পানির সাবমার্সিবল (টিউবওয়েল) স্থাপনের কাজ চলছিল। এ সময় ঝালমুড়ি বিক্রির উদ্দেশ্যে বাবর সেখানে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি সেখানে কর্মরত চারজন শ্রমিকের কাছে ঝালমুড়ি বিক্রির আড়ালে ইয়াবা ও গাঁজা বিক্রির চেষ্টা করেন।
বিষয়টি টের পেয়ে মিলটির নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করেন। পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, আটক বাবরের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে। তাঁর বাবার নাম এলাহি মিয়া। তাঁদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘ফেরি করে মাদক বিক্রির অভিযোগে বাবর নামে একজনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’