মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে অনৈতিক সম্পর্ক, ৫০ হাজার টাকায় রফাদফা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম
অভিযুক্ত জনি ঢালী
expand
অভিযুক্ত জনি ঢালী

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন ও অর্থের লোভ দেখিয়ে একাধিকবার অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। পরে বিষয়টি স্থানীয়ভাবে ৫০ হাজার টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ারও অভিযোগ রয়েছে।

অভিযুক্ত জনি ঢালী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামের নজরুল ঢালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ওই গৃহবধূ তার দুই সন্তানকে নিয়ে জনি ঢালীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পরে তিনি স্বামী ও সন্তানদের নিয়ে একই গ্রামের দ্বীন ইসলাম শেখের বাড়িতে ভাড়া থাকেন। ওই সময় থেকেই জনি ঢালীর সঙ্গে তার যোগাযোগ বাড়তে থাকে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী ওই নারী জানান, তার স্বামী দরিদ্র হওয়ায় জনি ঢালী তাকে অর্থের লোভ দেখান এবং বিয়ে করে সুখে-শান্তিতে রাখার আশ্বাস দেন। এই প্রলোভনে তিনি রাজি হয়ে পড়েন। পরবর্তীতে জনি ঢালী বিভিন্ন সময় তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান বলে দাবি করেন তিনি। সর্বশেষ রমজান শুরুর আগের দিনও তাদের মধ্যে এমন ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই নারী।

স্থানীয়দের দাবি, ঘটনাটি জানাজানি হলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন একই গ্রামের সানোয়ার শেখ নামে এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, তিনি ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেন এবং ওই নারীর স্বামীকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। পরে স্বামী ওই নারীকে নিয়ে অন্যত্র চলে যান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জনি ঢালী। তিনি বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হবে।”

অন্যদিকে সানোয়ার শেখ বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। ৫০ হাজার টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওরা গরিব মানুষ, তাই সহায়তা হিসেবে কিছু টাকা দেওয়া হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা উদঘাটনের দাবি জানিয়েছেন।

এব্যাপারে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন