বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারিতে বিজিবি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১০:৩৬ পিএম
সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারিতে বিজিবি
expand
সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারিতে বিজিবি

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দেওয়ায় সীমান্ত পথে তেলের অবৈধ পাচার রোধে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্তে কঠোর নজরদারিতে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৮ মার্চ) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার সুযোগে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত কিংবা সীমান্ত পথে পাচারের অপচেষ্টা চালাতে পারে। এ আশঙ্কা বিবেচনায় বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুর এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্তজুড়ে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি জোরদার করা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও চলাচলের ওপর তল্লাশি চালানো হচ্ছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, "দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিসতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং সন্দেহজনক যেকোনো চলাচলের ওপর কঠোর নজরদারি অব্যাহত থাকবে। জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন