

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যোগদানপত্রে স্বাক্ষরের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত ১৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের দিন সকালে অধ্যাপক কবীর বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ থেকে ২০২৪ সালের সকল বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ক্যাম্পাসে একটি নিম গাছের চারা রোপণ করেন এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, যবিপ্রবি ইতোমধ্যে শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ অগ্রগতির ধারাকে আরও শক্তিশালী করতে বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি গবেষণাকে জাতির কল্যাণে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের সহপাঠ্য কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অধ্যাপক ড. ইয়ারুল কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ প্রায় চার দশক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এছাড়া কুয়েত বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানীর ১৪০টির বেশি গবেষণা প্রবন্ধ ও ২৩টি বুক চ্যাপ্টার প্রকাশিত হয়েছে। তিনি বিশ্ব একাডেমি অব সায়েন্সেস ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো এবং শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য দেশ-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
১৯৫৮ সালের ৮ জানুয়ারি কিশোরগঞ্জে জন্মগ্রহণকারী অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে যবিপ্রবি শিক্ষা ও গবেষণায় নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
মন্তব্য করুন