শুক্রবার
০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুতে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৯:১৭ পিএম
কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুতে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
expand
কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুতে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহার (২৩) মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। মামলায় তাঁর স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাতে ফারিহার বাবা মো. হানিফ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। মামলায় ফারিহার স্বামী মেহেদী হাসান হৃদয়, তাঁর বাবা আবদুর রহিম, মা আফরোজা বেগম, বোন রীমা আক্তার ও রীমার স্বামী জাকারিয়াকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আজ বৃহস্পতিবার বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যার প্ররোচনার মামলা হিসেবে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার কোনো আলামত পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ভাষ্য, ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মামলার অভিযোগে বলা হয়েছে, একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ফারিহা ও হৃদয়ের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত বছরের ৮ সেপ্টেম্বর দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফারিহার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। টাকা দিতে না পারায় তাঁকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।

এ বিষয়ে ফারিহার বাবা মো. হানিফ দাবি করেন, তাঁর মেয়েকে হত্যা করে আত্মহত্যা হিসেবে ঘটনাটি উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, “আমার মেয়ে আত্মহত্যা করার মতো নয়। তাকে হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এদিকে মেয়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার। স্বজনদের কান্নায় বাড়িতে চলছে শোকের মাতম।

গত মঙ্গলবার রাতে কুমিল্লা নগরের দেশওয়ালীপট্টি এলাকার ‘কাশেম গার্ডেন’ নামের একটি ভবনের ফ্ল্যাট থেকে ফারিহার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন