রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সালিশ বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫২ পিএম
নিহত নুরুল আবছার
expand
নিহত নুরুল আবছার

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি সামাজিক শালিসি বৈঠকে ডেকে নিয়ে নুরুল আবছার (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিহতের ভাই মো. রাসেলও (৩২) গুরুতর আহত হয়েছেন।

​শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে।

নিহত নুরুল আবছার উপজেলা দাঁতমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড খোন্দকার পাড়া বাগানের টিলা এলাকার নবিদুর রহমানের পুত্র।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দাঁতমারা ইউনিয়নের বটতলী এলাকায় কয়েকটি সমাজ সম্মিলিতভাবে ক্রমবর্ধমান চুরি ও ডাকাতি প্রতিরোধে একটি শালিসি বৈঠকের আয়োজন করে। ওই বৈঠকে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে উপস্থিত থাকতে বলা হয়, যাদের মধ্যে নুরুল আবছার ও তার ভাই রাসেলও ছিলেন।

​তারা বৈঠকে উপস্থিত হওয়ার পর আলোচনার একপর্যায়ে সেখানে থাকা কিছু উত্তেজিত ব্যক্তি 'চোর' সন্দেহে হঠাৎ তাদের ওপর চড়াও হয়। শুরু হয় এলোপাতাড়ি গণপিটুনি।

মারধরের একপর্যায়ে দুই ভাই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল আবছারকে মৃত ঘোষণা করেন।

​এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

নিহতের ভাই রাসেলের বিরুদ্ধে আগে থেকেই থানায় একটি চুরির মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এভাবে আইন নিজের হাতে তুলে নেয়ার বিষয়টিকে কোনোভাবেই সমর্থন করছে না প্রশাসন।

​ভূজপুর থানার (ওসি বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ​নিহতের বিরুদ্ধে যদি চুরির অভিযোগ থেকেও থাকে, তবে সেটি বিচার করার জন্য প্রশাসন ও দেশের আইন রয়েছে।

কেউ চাইলেই কাউকে এভাবে পিটিয়ে মারতে পারে না। এটি একটি জঘন্য অপরাধ।

​তিনি আরও জানান, পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন