সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৯ পিএম
নিহত ইয়াসিন ও রাসেল
expand
নিহত ইয়াসিন ও রাসেল

চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন (৮) ও রাসেল (৬) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির দুই ছেলে।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করতেন ইয়াসিন ও রাসেল। প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে দুপুরে বাড়িতে এসে পুকুরে গোসল করতে নামেন। তাঁদের মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। তারা পুকুর থেকে উঠে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা দেখেন দুই ভাইয়ের মরদেহ পানিতে ভেসে আছে। পরে পরিবারের স্বজনরা মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন।

তিনি আরও বলেন, আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির আর কোনো সন্তান নেই। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে পুরো গ্রামজুড়ে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মুজাম্মেল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বর্তমান সময়ে অতিরিক্ত গরম পড়ছে। এ সময় সাঁতার না জানা শিশুরা একটু ঠান্ডা পেতে পুকুরে বা ডোবায় নেমে দুর্ঘটনার শিকার হয়। শিশুদের বাবা-মা ও পরিবারের লোকজন সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা এড়াতে শিশুদের গতিবিধি লক্ষ রাখতে হবে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিষয়টি থানা পুলিশ জেনেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন