

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মতলব উত্তর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে অনুমোদনবিহীনভাবে ইটভাটা পরিচালনার দায়ে দু'টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অর্থদণ্ড আরোপ করা হয়। এর মধ্যে মেসার্স মতিন মনোয়ার ব্রিকস মালিককে ৫ লাখ ও মেসার্স টরকি ব্রিকস মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। এছাড়া সম্ভাব্য অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় মতলব উত্তর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রস্তুত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন