শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ এএম
চাঁদপুরের মতলব উত্তরে চিকিৎসক ডা. বশির আহমেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি
expand
চাঁদপুরের মতলব উত্তরে চিকিৎসক ডা. বশির আহমেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চিকিৎসক ও কেন্দ্রীয় ড্যাব এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহমেদ হৃদয়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তাঁর স্কুল বন্ধুদের সংগঠন এসএসসি ৯৯ ব্যাচের সদস্যরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মতলব উত্তর থানার সামনে আয়োজিত এ কর্মসূচিতে হামলার প্রধান আসামি ইমরুল কায়েসকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগীর বড় ভাই ও মামলার বাদী আবুল বাসার খান। তিনি বলেন, একজন চিকিৎসকের ওপর এ ধরনের নৃশংস হামলা সমাজের জন্য অশনিসংকেত। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন এসএসসি ৯৯ ব্যাচের ইয়াজ উদ্দিন, সোহেল মাসুদ, শফিকুল ইসলাম রানা, মিন্টু, টুটুল সরকার, চান মিয়া, সরফুদ্দিন মৃধা, ওয়াসি উদ্দিন, জাকির হোসেন, ফারুক গাজী, জাকির, শাহরিয়ার সবুজ, রাকিব, নজরুল, কামরুজ্জামান, নজরুল প্রমুখ। বক্তারা বলেন, চিকিৎসক ডা. বশির আহমেদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি উপজেলার ষাটনল ইউনিয়নের কালিপুর বাজার এলাকায় ঢাকায় যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ডা. বশির আহমেদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় তাঁর বড় ভাই আবুল বাসার খান বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলায় দুজনকে আসামি করা হয়েছে এবং এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X