সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কসবায় বিএনপি প্রার্থী বাবার পক্ষে প্রচারণায় মেয়ে মুনিয়া

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম
কসবায় বিএনপি প্রার্থী বাবার পক্ষে প্রচারণায় মেয়ে মুনিয়া
expand
কসবায় বিএনপি প্রার্থী বাবার পক্ষে প্রচারণায় মেয়ে মুনিয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির বয়োজ্যেষ্ঠ ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন তাঁর মেয়ে মেহবিন রহমান মুনিয়া। উপজেলা বিএনপির নারী নেত্রীদের সঙ্গে নিয়ে ক্লান্তিহীনভাবে গ্রাম থেকে গ্রাম ঘুরে বেড়াচ্ছেন তিনি। অংশ নিচ্ছেন বিভিন্ন সভা ও উঠান বৈঠকে। এতে নারী ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের আদর্শ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও ১ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদের বাড়িতে এলাকার নারীদের নিয়ে উঠান বৈঠক করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের কন্যা মেহবিন রহমান মুনিয়া।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী গ্লোবাল শিপিং লাইন্সের চেয়ারম্যান মোহাম্মদ আশফাক হোসেন, ছেলে আকিব জামিল রহমান, উপজেলা বিএনপির নারী নেত্রী রিনা বেগম, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম, সাহিদুল খান প্রমুখ।

এ ছাড়া বিএনপি নেতা মহিবুল্লাহ ভুইয়া, আতাউল্লাহ ভুইয়া, পাপেল রানা, রাসেল আহমেদ, মনিরুল ইসলাম বাক্কু, জুয়েল আহমেদ, আইনুল ইসলাম ও সেলিম আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে অভিভূত হন মুশফিক কন্যা মুনিয়া। তিনি মনোযোগ দিয়ে ধানের শীষের সমর্থনে বৈঠকে আসা নারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। বৈঠকে আসা কয়েকজন নারী রাস্তা-ঘাটের সংস্কার, স্বাস্থ্যসেবা ও মাদকের সমস্যার কথা তুলে ধরেন।

ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমানের কন্যা মেহবিন রহমান মুনিয়া বলেন, তাঁর পিতা মুশফিকুর রহমান চাকরি জীবন থেকেই এলাকায় উন্নয়নে কাজ করেছেন। পরে তিনি এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন তিনি এলাকার বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থানসহ বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক কাজ করেছেন। দীর্ঘদিন পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। এবারও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এই আসনে মনোনীত হয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা সবাই নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে আমার বাবাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি সর্বদা আমার বাবার পাশে আছি। আমার বাবা বিজয়ী হলে এলাকায় আরও উন্নয়ন হবে এবং আপনাদের সমস্যাগুলোর সমাধান হবে, ইনশাআল্লাহ। বিশেষ করে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। আমার সন্তান যেভাবে মাদকমুক্ত পরিবেশে বড় হয়েছে, সেভাবেই আপনাদের সন্তানরাও মাদকমুক্ত পরিবেশে বড় হবে। মাদক নির্মূলে সর্বাত্মক চেষ্টা করা হবে।

পরে তিনি উপস্থিত নারীদের মাঝে তাঁর পিতার প্রতীক ধানের শীষের লিফলেট বিতরণ করেন। একই দিনে পিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে তিনি আরও বেশ কয়েকটি সভা ও উঠান বৈঠকে অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন