

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র রমজানকে কেন্দ্র করে বরিশাল নগরীর বাজারগুলোতে লেবুর দামে অস্বাভাবিক উল্লম্ফন দেখা দিয়েছে। মাত্র একদিনের ব্যবধানে খুচরা বাজারে হালি প্রতি ২০ টাকা থেকে বেড়ে ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে লেবু। এতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।
নগরীর বরিশাল নতুন বাজার ঘুরে দেখা যায়, রমজানকে ঘিরে লেবুর চাহিদা ও বেচাবিক্রি বেড়েছে। তবে পাইকারি দামের তুলনায় খুচরা বাজারে অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির অভিযোগ তুলেছেন ক্রেতারা। তাদের দাবি, পাইকারিতে দাম কিছুটা বাড়লেও খুচরায় তার চেয়ে অনেক বেশি হারে দাম বাড়ানো হয়েছে।
ক্রেতা শফিকুর রহমান বলেন, “প্রথম রোজায় লেবুর সরবত দিয়ে ইফতার করতে চাই। কিন্তু ২০ টাকার লেবু ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এভাবে মানুষ কীভাবে কিনবে?” একই অভিযোগ করেন নাসির উদ্দীন ও শাকিল মাহমুদ।
খুচরা বিক্রেতা রফিক জানান, বেশি দামে লেবু কিনতে হওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তার ভাষ্য, পাইকারি বাজারে দাম কমলে খুচরা বাজারেও কমবে।
এদিকে বরিশালের বৃহত্তম পাইকারি মোকাম বহুমুখ সিটি মার্কেট পরিদর্শনে দেখা যায়, আগে যেখানে হালি প্রতি ১০ টাকায় লেবু বিক্রি হতো, বর্তমানে তা বেড়ে ৩০ থেকে ৩৫ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ পাইকারি বাজারে হালি প্রতি ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে। তবে খুচরা বাজারে এই বৃদ্ধি ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত।
সবজির পাইকারি ব্যবসায়ী হারুন বাণিজ্যালয়ের মালিক মো. হারুন মিয়া বলেন, “সাধারণত পাইকারি বাজারের চেয়ে ১০ থেকে ২০ টাকা বেশি দামে খুচরা বিক্রি হয়। কিন্তু এখন দ্বিগুণ দামে কেন বিক্রি হচ্ছে, তা আমাদের জানা নেই।”
তিনি জানান, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে সারা দেশে লেবু সরবরাহ হয়। রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ায় দামও বেড়েছে। তবে রমজান শেষে বাজার স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
বহুমুখ সিটি মার্কেট মালিক সমিতির সদস্য মো. মামুন বলেন, “আমরা বেশি দামে কিনে আনছি বলেই বেশি দামে বিক্রি করছি। তবে খুচরা বাজারে যেভাবে দাম বাড়ানো হচ্ছে, তা যৌক্তিক নয়। আমরা দাম সহনীয় রাখতে চেষ্টা করছি।”
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর সহকারী পরিচালক সুমি রাণী মিত্র জানান, লেবুর মূল্যবৃদ্ধি নিয়ে অভিযোগ পাওয়া গেছে। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই প্রেক্ষাপটে বাজার মনিটরিং জোরদার ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ভোক্তারা। তাদের মতে, প্রশাসনের কার্যকর পদক্ষেপেই বাজারে স্বস্তি ফিরাতে।
মন্তব্য করুন
