

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পরিবেশ অধিদপ্তর-এর বরগুনা জেলা কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বরগুনা সদর উপজেলা-এর যৌথ উদ্যোগে অবৈধভাবে পরিচালিত একটি বায়ু দূষণকারী কাঠ কয়লার কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বরগুনা সদরের ১০ নং নলটনা ইউনিয়নের আজগরকাঠী গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কারখানাটি পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে কাঠ কয়লা উৎপাদন করে আসছিল, যা স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ৮ নং ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সঙ্গে বায়ু দূষণকারী কাঠ কয়লা উৎপাদন কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বরগুনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। অভিযানে বরগুনা থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে। জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণকারী ও অবৈধভাবে পরিচালিত সকল শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থান নেওয়ার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কাঠ কয়লার চুল্লির ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছিল। প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন