শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৬, ১০:৪২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাবার সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে লিজা মনি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিজা মনি ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে। সে মহিষবাথান সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে রবিউল ইসলাম ছেলে রিয়াদ ও মেয়ে লিজা মনিকে নিয়ে ঝাড়কাটা নদীতে গোসল করতে যান। সকালে বৃষ্টিপাত হওয়ায় নদীতে তীব্র স্রোত ছিল। একপর্যায়ে স্রোতের টানে দুই শিশু ভেসে যেতে শুরু করলে বাবা দ্রুত ছেলে রিয়াদকে উদ্ধার করতে সক্ষম হন। তবে মেয়ে লিজা মনি নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।

এরপর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুপুর আড়াইটার দিকে নদী থেকে লিজা মনির মরদেহ উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, “দুপুরে শিশুটি নদীতে নিখোঁজ হওয়ার খবর পেয়ে ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে নদী থেকে লিজা মনির মরদেহ উদ্ধার করা হয়।”

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পানিতে ডুবে লিজা মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন