

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী এলাকায় সোহানা পারভীন (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোহানা পারভীন সদর উপজেলার দহাকুলা গ্রামের আব্দুল খলিলের মেয়ে।
নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, সোহানার স্বামী শেখ সাকিব হোসেন ও শাশুড়ি খালেদা বেগম দীর্ঘদিন ধরে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। তাদের দাবি, সাকিবের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয়টি নিয়ে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত। এসব বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় সোহানাকে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
পরিবারের সদস্যদের ভাষ্য, শুক্রবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সোহানার মৃত্যু ঘটে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে তার মরদেহ ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত স্বামী ও শাশুড়ির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল, যা এলাকায় অনেকেই জানতেন। তবে সোহানার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ শুরু করে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাসুদুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে নিহতের স্বামী শেখ সাকিব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।