

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী এলাকার কলসীর মুখ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত খুঁটিটি তুলে নিতে বাধ্য হয় বিএসএফ।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গত বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার কুচলিবাড়ী কলসীর মুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল সীমান্ত আইন অমান্য করে জিরো লাইনে নিয়মবহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও বিজিবির টহল দলের নজরে এলে তাৎক্ষণিকভাবে তীব্র আপত্তি জানানো হয়।
বিজিবির পক্ষ থেকে ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে অবিলম্বে সেই খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার তাগিদ দেওয়া হয়। বিজিবির এমন অনড় ও সাহসী অবস্থানের মুখে পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা নিজেদের ভুল স্বীকার করেন এবং স্থাপিত খুঁটিটি দ্রুত তুলে নিয়ে যান।
এ ঘটনার পর কুচলিবাড়ী সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। যে কোনো ধরনের উসকানি, অবৈধ অনুপ্রবেশ বা সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতির পর ওই সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সীমান্তে বিএসএফ প্রায়ই এই ধরনের বাঁশের খুঁটি স্থাপন করার চেষ্টা চালায়। বিজিবির টহল দল তাৎক্ষণিক ও কড়া প্রতিবাদ জানালে তারা প্রতিবারই তা অপসারণ করতে বাধ্য হয়। সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত ও তৎপর রয়েছে।"