

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের সহ-সভাপতি মিয়া বাবুল ও মো. মিঠুকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মিয়া বাবুল এবং মো. মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এর আগে ১৯ মে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পোনামাছবাহী গাড়ি আটকে লাখ টাকা চাঁদাবাজি করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। অপর আরেকটি গাড়ি থেকে চাঁদা না পেয়ে গাড়ি ভাঙচুর ও ড্রাইভারকে মারধর করার অভিযোগ ওঠে।
চাঁদাবাজির ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটির সহ-সভাপতি মিয়া বাবুল, মো. মিঠু, আকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন স্বজন, ইমরান মাহমুদ, শাখাওয়াত, সহ-সাংগঠনিক সম্পাদক হায়দার মুন্সি, শাহরিয়ারসহ একাধিক নেতাকর্মী যুক্ত থাকার অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় তলব করার পরদিনই এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
