

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের বানারীপাড়ায় এক নারীর সম্মানহানির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলার প্রধান আসামিকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-৯ ও র্যাব-৮-এর যৌথ আভিযানিক দল।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পৌনে ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯।
র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর অভিযুক্ত মো. মাহমুদ হাসান (৩৩) তাকে বিয়ের প্রস্তাব দেন। পরে বিয়েতে সম্মতি না পেয়ে তিনি ও তার সহযোগীরা ভুক্তভোগীর ছবি বিকৃত করে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অশ্লীল ছবি ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেন। পাশাপাশি আরও অশ্লীল ছবি প্রকাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বরিশালের বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত বুধবার বিকেলে র্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র্যাব-৮, বরিশালের যৌথ অভিযানে মাধবপুর উপজেলার জগদীপুর এলাকা থেকে প্রধান আসামি মাহমুদ হাসানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহমুদ হাসান পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মৃত ইউসুফ আলী হাওলাদারের ছেলে।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।