

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা ও মৌলভীর দোকান এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪ টা থেকে সকাল সাড়ে ৭ টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মাটি কাটায় ব্যবহৃত ৩টি স্কেভেটর (মাটি কাটার যন্ত্র) বিকল করে দেওয়া হয় এবং ৩টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান-এর নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানের সময়-নাপিতের চর এলাকায়: একটি স্কেভেটর বিকল করা হয় এবং মাটি পরিবহনে ব্যবহৃত ৩টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।
জাফর আহমদ চৌধুরী কলেজ সংলগ্ন এলাকা: মৌলভীর দোকান ও কলেজ সংলগ্ন স্থানে আবাদি জমির মাটি কাটার অপরাধে আরও ২টি স্কেভেটর বিকল করে দিয়ে অকেজো করে দেওয়া হয়।
অভিযান চলাকালীন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িত অসাধু চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান শেষে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন,পরিবেশ ও আবাদি জমি রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অসাধু চক্র রাতের আঁধারে বা ভোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার চেষ্টা করছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। যারা পাহাড় বা ফসলি জমির মাটি কাটবে, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক নিয়মিত মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ভোরে ও রাতে এই এলাকায় মাটি কেটে আসছিল, যার ফলে পরিবেশ ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
মন্তব্য করুন