বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পীর হত্যার প্রধান আসামি সাবেক শিবির নেতা, জামায়াতের প্রতিবাদ 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম
সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 
expand
সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

কুষ্টিয়ায় আলোচিত পীর আব্দুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীর হত্যা মামলায় দলের নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় কুষ্টিয়া শহর জামায়াতের কার্যালয়ে দৌলতপুর উপজেলা জামায়াত এ সংবাদ সম্মেলনের করে।

লিখিত বক্তব্যে উপজেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন বলেন, কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ফিলিপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী খাজা আহমেদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শামীম হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেন তিনি।

বেলাল উদ্দিন আরও বলেন,খাজা আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও জনহিতকর কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়িয়েছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

তিনি আরও বলেন, জামায়াত বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড সমর্থন করে না। শামীমকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারও নিন্দা জানায় দলটি। একই সঙ্গে তিনি দাবি করেন, হামলার সময়কার ভিডিও ফুটেজে বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, অতীতেও রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় জড়ানোর নজির রয়েছে, যা নতুন প্রজন্ম মেনে নেবে না।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, দৌলতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, কুষ্টিয়া শহর শিবিরের সাবেক সভাপতি ও যুব বিভাগের নেতা মোস্তাফিজুর রহমান পলাশসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন