বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকা-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম
যশোরে মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়ানবাদী ইসরায়েলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
expand
যশোরে মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়ানবাদী ইসরায়েলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

যশোরে মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়ানবাদী ইসরায়েলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইরানে সাম্প্রতিক হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে মাওলানা ভাসানী পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

সংগঠনের জেলা সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, তসলিমুর রহমান, যোগেষ চন্দ্র দত্ত, বর্ণালী সরকার, আনোয়ারুল করিম সোহেল ও প্রকৌশলী রুহুল আমিনসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ইরানের তেল সম্পদের ওপর আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সঙ্গে নিয়ে অন্যায়ভাবে হামলা চালাচ্ছে। এতে ইরানের রাজনৈতিক নেতা, নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হচ্ছে এবং নগর অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও তেলক্ষেত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা বলেন, ইরান প্রতিরোধ গড়ে তুললেও পরাশক্তির বিরুদ্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। সম্প্রতি যুদ্ধবিরতির পর পুনরায় ইসরায়েলের হামলাকে ‘প্রতারণা’ হিসেবে আখ্যা দেন বক্তারা।

মানববন্ধন থেকে দ্রুত এই হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে ইউনুস সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথিত অসম চুক্তি বাতিলের দাবি জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন