

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড়ে পেট্রোল পাম্পে তেল নিতে আসা দীর্ঘ মোটরসাইকেলের লাইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফুয়েল কার্ড চেক করতে গেলে মুহূর্তেই আধা কিলোমিটার লাইন ফাঁকা হয়ে যায়। এমন ঘটনায় প্রশাসনসহ উপস্থিত সকলে হতবিহ্বল হয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত।
আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টায় জেলার সুবহানাকা ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে। জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হবে না—এ মর্মে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম সকালে সুবহানাকা ফিলিং স্টেশনে হাজির হলে সেখানে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ মোটরসাইকেলের লাইন ছিল। কিন্তু ফুয়েল কার্ড চেক শুরু করার মুহূর্তেই সেই লাইন উধাও হয়ে যায়।
কথা হয় ব্যাংহারী বনগ্রাম এলাকা থেকে নিজের মোটরসাইকেলে তেল নিতে আসা ৬৫ বছরের মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানান, পাম্পে তেল নেওয়াটা যুদ্ধের চেয়ে কম কিছু নয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও লাইসেন্সবিহীন গাড়িগুলো নিয়মের তোয়াক্কা না করে জোরপূর্বক আগে তেল নিয়ে চলে যেত। কয়েকদিন এমন পরিস্থিতিতে তেল না নিয়েই ফিরে যেতে হয়েছে বলেও জানান তিনি। আজ ফুয়েল কার্ড চেক করার ফলে ভিড় ছাড়াই তেল নিতে পেরে নিজের সন্তুষ্টির কথাও জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ফুয়েল কার্ড ছাড়া পাম্পে তেল দেওয়া হবে না—এমন প্রচারণা মাইকিং ও সামাজিক মাধ্যমে চালানোর পর আজ সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে অভিযান শুরু করেছে প্রশাসন। মানুষ যেন নির্বিঘ্নে প্রয়োজনীয় ফুয়েল সংগ্রহ করতে পারে, তা নিশ্চিত করা হবে। এবং অবৈধ মজুদের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা রয়েছে, তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন