

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় একটি প্রীতি ফুটবল ফাইনাল খেলায় গোল দেওয়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার শশই এলাকায় শশই মধ্যপাড়া ও শশই কোনার বাড়ি দলের মধ্যে খেলার আয়োজন করা হয়।
খেলায় পুরস্কার হিসেবে বিজয়ী দলের জন্য একটি গরু এবং রানারআপ দলের জন্য একটি ছাগল (খাসি) নির্ধারণ করা হয়েছিল।
খেলার প্রথমার্ধে শশই কোনার বাড়ি দল একটি গোল করে এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে আরেকটি গোলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় শশই মধ্যপাড়া দলের গোলরক্ষক হাতে আঘাত পান। পরে তাকে মাঠের বাইরে নেওয়ার চেষ্টা করা হলে খেলার উদ্যোক্তা, সৌদি প্রবাসী ইব্রাহিম মাঠে নেমে বাধা দেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। চেয়ার ও মাঠের খুঁটি দিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে বিজয়ী দলের গরু-ছাগল নিয়ে টানাটানি শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষ পরে শশই মধ্যপাড়া ও শশই কোনার বাড়ি এলাকার লোকজনের মধ্যেও ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক “ফেস দ্যা পিপল”-কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন