বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় মন্দিরের জমি দখলমুক্ত ও বাজার মনিটরিংয়ে অর্থদণ্ড

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০১:১৩ এএম
পুঠিয়ায় মন্দিরের জমি দখলমুক্ত
expand
পুঠিয়ায় মন্দিরের জমি দখলমুক্ত

পুঠিয়া উপজেলায় মন্দিরের পবিত্র জমি দখল করে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টার ঘটনায় কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে পুঠিয়া–তাহেরপুর সড়ক মোড়ে অবস্থিত মন্দিরের জমিতে অবৈধ দখল ও নির্মাণের তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, মন্দিরের জন্য বরাদ্দকৃত জমিতে কোনো প্রকার অনুমোদন ছাড়াই নিয়মবহির্ভূতভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চলছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে দখলের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে সব অবৈধ স্থাপনা অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

এদিকে একই দিন দুপুরে পুঠিয়া পৌরসভা এলাকার তাহেরপুর রোডসংলগ্ন বিভিন্ন স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। এ সময় বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার তদারকি, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, সরকারি খাসজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখলের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনিভাবে সরকারি কিংবা দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, পুঠিয়ায় সরকারি খাসজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন